প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, শেষ হলো এক যুগ
চেকপোস্ট নিউজ, ||
দুই দশকেরও বেশি সময়ের অবিশ্বাস্য ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা নিজের সিদ্ধান্তের কথা জানান।২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল নানা আলোচনা। সেই ম্যাচের দুই দিন পরই নিজের বিদায়ী বার্তা লিখে রেখেছিলেন তিনি। এক মাসের বেশি সময় পর সেই বার্তা প্রকাশ করে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে দেখা যাবে না তাকে।বিদায়ী বার্তায় মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু শিরোপা জয়ের সময় নয়, কঠিন সময়েও এই জার্সির জন্য লড়াই করেছেন তিনি।মেসি লিখেছেন, “এই জার্সির জন্য সবসময় লড়েছি, নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি। ফুটবলের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করাই ছিল আমার লক্ষ্য।”জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত কঠিন হলেও এটিই সঠিক সময় বলে মনে করেন মেসি। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা করে দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।তিনি বলেন, “জাতীয় দলে থাকতে আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজেকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছি। এখন নতুন কিছু তরুণ খেলোয়াড় এই জায়গা পাওয়ার যোগ্য।”সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, মাঠ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তিনি সারাজীবন মনে রাখবেন। ভবিষ্যতেও বাইরে থেকে আর্জেন্টিনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।বিদায়ী বার্তায় পরিবার, কোচ, সতীর্থ ও আর্জেন্টিনা ফুটবল সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মেসি। তিনি বলেন, এই দীর্ঘ যাত্রা থেকে অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছেন।মেসি শান্তি ও গর্ব নিয়েই বিদায় নিচ্ছেন উল্লেখ করে বলেন, সতীর্থদের সঙ্গে মিলে এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছেন, যা একসময় শুধু স্বপ্ন ছিল।শেষে তিনি লেখেন, “আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা।”২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেকের পর দুই দশকের ক্যারিয়ারে মেসি দেশকে জিতিয়েছেন ২০২২ বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকার শিরোপা। আকাশি-সাদা জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক অধ্যায়।
যে জার্সিতে একসময় বড় শিরোপার আক্ষেপ ছিল, সেই জার্সিই শেষ পর্যন্ত মেসিকে দিয়েছে বিশ্বকাপের স্বপ্নপূরণ এবং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অমর এক অধ্যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত