প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের আহ্বান রিজভীর
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।সোমবার (৩১ আগস্ট) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বাণীতে রিজভী বলেন, দেশের এক সংকটময় সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।তিনি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আত্মত্যাগকারী নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠাই দলের প্রধান লক্ষ্য।তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করে যাচ্ছে।রিজভী আরও বলেন, রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।তিনি জানান, দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী ও শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ভবিষ্যতেও কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত