প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহার
চেকপোস্ট নিউজ, ||
বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসটিআই জানায়, নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে পরীক্ষার পর এসব পণ্যে নির্ধারিত মানদণ্ডের ঘাটতি পাওয়া গেছে।প্রত্যাহারের তালিকায় রয়েছে বম্বে সুইটসের কারী পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা।এ ছাড়া বাঘাবাড়ি প্রিমিয়াম ঘির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ড, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী’ ঘি, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের ‘নিউ রাঁধুনী’ ও ‘সিটি’ ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েলও রয়েছে তালিকায়।বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পণ্য পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশের পাশাপাশি বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য না কেনার জন্য ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই।বিএসটিআই জানায়, পরীক্ষায় বাঘাবাড়ির ঘিতে ‘ঘি’র প্রয়োজনীয় মিল্ক ফ্যাট পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী, পাম অলিন ও বনস্পতি ব্যবহার করে তা ঘি নামে বাজারজাত করা হচ্ছে। একইভাবে বম্বে সুইটসের মসলাগুলোও বাংলাদেশ মানের বিভিন্ন প্যারামিটারে নিম্নমানের পাওয়া গেছে।বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় রাখা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদ, উপাদানসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে ভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে।কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার নিয়ে অভিযোগ থাকলে হটলাইন ১৬১১৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত