প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ডাকসুর ‘আভাস’: সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ, উন্মোচন হলো মোড়ক
চেকপোস্ট নিউজ, ||
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘আভাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ-এর সম্পাদনায় প্রকাশিত ‘আভাস’-এ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানে পত্রিকার সহসম্পাদক আশফাকউল্লাহ আসিফ-এর সঞ্চালনায় বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফাহাদ, এজিএস মুহা. মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদদীন খান, কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তারসহ অন্য নেতৃবৃন্দ।ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার বলেন, প্রথম সংখ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক গল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যৎ সংখ্যাগুলোতে জুলাইয়ের বিষয়সহ সাহিত্যের অন্যান্য ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হবে।পত্রিকা প্রকাশে বিলম্বের বিষয়ে সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রকাশ সম্ভব হয়নি। পরে ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে অর্থের ব্যবস্থা করে পত্রিকাটি প্রকাশ করা হয়েছে।তিনি বলেন, “আশা করছি, বাকি দুই সংখ্যাও দ্রুত প্রকাশ করা হবে। বর্তমানে শিক্ষার্থীরা ডাকসু থেকে ‘আভাস’ সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতে অনলাইন মাধ্যমেও পত্রিকাটি পাওয়া যাবে।”পত্রিকা প্রকাশে সহযোগিতা করা লেখক, অর্থদাতা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, সাহিত্য পত্রিকা প্রকাশ ডাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল। এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীদের লেখালেখিতে আরও সক্রিয় হওয়ার জন্য তিনি আহ্বান জানান।ডাকসুর জিএস এস এম ফাহাদ বলেন, কোনো সময়ের চিন্তা ও কাজকে দীর্ঘস্থায়ী করে সাহিত্য ও সংস্কৃতি। ‘আভাস’ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘আভাস’-এর জন্য ছয় শতাধিক লেখা জমা পড়েছিল। সেখান থেকে নির্বাচিত লেখাগুলো প্রথম সংখ্যায় প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহে পত্রিকাটি প্রকাশ করা সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, বরাদ্দের সীমাবদ্ধতা থাকলেও ডাকসুর প্রায় ২০টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। শিক্ষার্থীদের কাজকে বাধাগ্রস্ত করে থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে বক্তারা ‘আভাস’-এর সফলতা কামনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখিতে আরও যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির, সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল ইসলাম, জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব ইমরোজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত