প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
প্রথম সভাতেই তামিমের বড় পদ, এসিসির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েই বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল। এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।গত ২২ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় সংস্থাটির সব সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিসিবির নেতৃত্ব গ্রহণের পর এটিই ছিল তামিমের প্রথম এসিসি সভায় অংশগ্রহণ।এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের বিস্তার, নতুন ক্রিকেটীয় শক্তিগুলোর উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটি। এই কমিটির নেতৃত্বে তামিমের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।সভায় এসিসির প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে এসিসি সভাপতির দায়িত্ব দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই তালিকায় যুক্ত হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। ফলে ভবিষ্যতে এসিসির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে আফগানিস্তান।এদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতভাবে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।
২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাহী বোর্ডেও নতুন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর পক্ষ থেকে কাতার ও সিঙ্গাপুরের কর্মকর্তারা জায়গা পেয়েছেন। সহযোগী সদস্যদের মধ্য থেকে মালদ্বীপ ও বাহরাইনের প্রতিনিধিরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত