প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি! বিডি জবস ডাটাবেজ হ্যাকের দাবি
চেকপোস্ট নিউজ, ||
প্রায় ৬ মিলিয়ন বা ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) ডার্ক ওয়েবে বিক্রির জন্য নিলামে তোলার দাবি করেছে ‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকারগোষ্ঠী। তাদের দাবি, এসব সিভি দেশের জনপ্রিয় ক্যারিয়ার প্ল্যাটফর্ম বিডি জবসের ডাটাবেজ থেকে সংগ্রহ করা হয়েছে।হ্যাকারদের প্রকাশিত পোস্ট অনুযায়ী, ৬০ লাখ সিভি মাত্র পাঁচজন ক্রেতার কাছে বিক্রি করা হবে। এর জন্য প্রতিটি ক্রেতার কাছে ১ হাজার মার্কিন ডলার মূল্য চাওয়া হয়েছে। এসব সিভিতে ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, কর্মঅভিজ্ঞতাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে এই বিক্রির পোস্ট দেওয়া হয়। নিজেদের দাবির প্রমাণ হিসেবে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে হ্যাকাররা।নমুনা সিভি বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোর ফরম্যাট বিডি জবসের সিভি টেমপ্লেটের সঙ্গে মিল রয়েছে। প্রকাশিত সিভিগুলোতে নারী ও পুরুষ উভয় চাকরিপ্রার্থীর তথ্য রয়েছে।এশিয়া পোস্টের পক্ষ থেকে নমুনায় থাকা কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রকাশিত সিভির তথ্য তাদের বাস্তব তথ্যের সঙ্গে মিলে গেছে এবং তারা বিডি জবসে নিজেদের সিভি সংরক্ষণ করেছিলেন। তবে তাদের তথ্য অন্য কোথাও ছড়িয়ে পড়ার বিষয়ে তারা আগে কিছু জানতেন না।তবে বিডি জবসের পক্ষ থেকে ডাটাবেজ হ্যাক হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, তাদের ডাটাবেজে কোনো ধরনের অনুপ্রবেশের তথ্য এখনো পাওয়া যায়নি।তিনি বলেন, চাকরিদাতারা বিভিন্ন সময় বিডি জবস থেকে অর্থের বিনিময়ে প্রার্থীদের সিভি সংগ্রহ করেন। এছাড়া অনেক ব্যবহারকারী নিজেদের সিভি অন্য প্ল্যাটফর্মেও প্রকাশ করেন। এসব উৎস থেকেও তথ্য ছড়িয়ে পড়তে পারে।তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ৬০ লাখ সিভির মতো বড় ডাটাবেজ সাধারণ স্ক্র্যাপিংয়ের মাধ্যমে তৈরি করা কঠিন। এথিক্যাল হ্যাকার ও সাইবার ৭১-এর পরিচালক আবদুল্লাহ আল জাবের বলেন, এত বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য অনাকাঙ্ক্ষিত কারও হাতে চলে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক।তিনি সতর্ক করে বলেন, সিভিতে থাকা নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, শিক্ষাগত ও চাকরির তথ্য ব্যবহার করে সাইবার অপরাধীরা পরিচয় জালিয়াতি, ফিশিং, স্প্যামিং কিংবা আর্থিক প্রতারণার মতো অপরাধ চালাতে পারে।
সাইবার বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের অপরিচিত ফোন কল, ইমেইল, লিংক ও অ্যাটাচমেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কায় অনলাইন অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত