প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
কোনো ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা দ্রুত নিরসন হবে: ধর্ম প্রতিমন্ত্রী
চেকপোস্ট নিউজ, ||
মন্ত্রিসভায় যুক্ত হওয়া নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি ধর্মীয় সংগঠনের আপত্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে তা দ্রুত নিরসন হবে।রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ধর্মীয় সংগঠনগুলোর আপত্তির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, শনিবার তিনি জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মনির হোসাইন কাসেমীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।শামীম কায়সার লিংকন বলেন, কোনো বিষয়ে সবার মত এক হওয়া স্বাভাবিক নয়। যেমন নির্বাচনে সব মানুষ একই দলকে সমর্থন করেন না, তেমনি কোনো নিয়োগ নিয়েও ভিন্ন মত থাকতে পারে।তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা তার না থাকলেও ওলামা-মাশায়েখদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা বাড়লে পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক সময় সরাসরি আলোচনার সুযোগ না থাকলে বা অসম্পূর্ণ তথ্যের কারণে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে আলোচনার মাধ্যমে এসব বিষয় সহজেই সমাধান করা সম্ভব।তিনি জানান, ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠকে তাদের কিছু প্রশ্ন ছিল এবং তিনি সেগুলোর সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ধর্মীয় মত ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। শুধু মুসলিম আলেমদের নয়, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ রাখবেন তিনি।
তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি সবার কাছে যাব এবং সরাসরি আলোচনা করব। এতে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি দূর হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত