প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
ফ্রান্সে যাচ্ছেন সৌদি যুবরাজ, মাখোঁর বিশেষ অভ্যর্থনা
চেকপোস্ট নিউজ, ||
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান দুই দিনের সরকারি সফরে ফ্রান্সে যাচ্ছেন। তার সফর ঘিরে প্যারিসের এলিসি প্রাসাদে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নিজেই সৌদি যুবরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।সৌদি রয়্যাল কোর্টের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট মাখোঁর আমন্ত্রণে মোহাম্মদ বিন সালমান ফ্রান্স সফরে যাচ্ছেন। ২৩ ও ২৪ আগস্ট প্যারিসে অবস্থানকালে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সৌদি আরব ও ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্ব। প্রথমবারের মতো দুই দেশের ফ্রান্স-সৌদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও বৈঠকের গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, লেবানন ও সিরিয়ার পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতা মতবিনিময় করবেন বলে জানা গেছে।সফরের অন্যতম আকর্ষণ হচ্ছে প্যারিসে অনুষ্ঠিত ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ-এর সমাপনী অনুষ্ঠান। রোববার সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্ট উভয়েই এতে অংশ নেবেন। সৌদি আরবের বাইরে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক ই-স্পোর্টস আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে।এর আগে মোহাম্মদ বিন সালমান ২০২২ ও ২০২৩ সালে ফ্রান্স সফর করেছেন। তবে এবারের সফরকে সৌদি-ফ্রান্স সম্পর্কের নতুন অধ্যায় ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্যারিসে আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এই সফরে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সৌদি আরব ও ফ্রান্সের ঘনিষ্ঠ সমন্বয়ের বার্তা সামনে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত