প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ মহাসড়কে মৃত্যুর মিছিল, ৭ মাসে নিহত ৩৮
ছাইম খান,, গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত সাত মাসে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এতে মহাসড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে নছিমন-করিমন, ভ্যান, ইজিবাইকসহ ধীরগতির ও অনিয়ন্ত্রিত যানবাহনের চলাচল বেড়েছে। এর পাশাপাশি অদক্ষ চালকদের বেপরোয়া গতি এবং সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বাসিন্দা আকবার শিকদার বলেন, মহাসড়কে নিয়ম না মেনে বিভিন্ন ছোট যানবাহন চলাচল করছে। অনেক চালকের পর্যাপ্ত দক্ষতা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের নাছরুল ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার তাদের স্বজন হারাচ্ছে। অনেকে গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ছেন। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।মহাসড়কে চলাচলকারী বাসচালক মিরাজ ফকির ও রুবেল শেখ জানান, একই সড়কে দ্রুতগতির বাস-ট্রাকের সঙ্গে ধীরগতির ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করায় প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। তাদের মতে, যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি মহাসড়ক দুটি দ্রুত চার লেনে উন্নীত করা প্রয়োজন।স্থানীয়দের দাবি, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি, মহাসড়কে অনিয়ন্ত্রিত ছোট যানবাহনের চলাচল বন্ধ এবং ঝুঁকিপূর্ণ বাঁক সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকোনুজ্জামান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নিয়মিত টহল বাড়ানো হয়েছে। বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চালকদের সচেতন করতেও কাজ করছে পুলিশ।
সংশ্লিষ্টদের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার, নিয়মিত নজরদারি এবং চালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা গেলে গোপালগঞ্জের মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত