প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
তিন দিন পর এক্সিলারেট টার্মিনালে গ্যাস সরবরাহ চালু
চেকপোস্ট নিউজ, ||
তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া চালু করা হয়। এতে দেশের চলমান গ্যাস সংকটে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।পেট্রোবাংলা সূত্র জানায়, শনিবার দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। অপারেশন স্বাভাবিক হলে সরবরাহ আরও বাড়ানো হবে।পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত দেশের দুটি এফএসআরইউ থেকে মোট এলএনজি সরবরাহ হয়েছে প্রায় ৬৭০ এমএমসিএফডি। একই সময়ে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ এমএমসিএফডি।পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বিভাগের পরিচালক ও অপারেশন-মেইনটেন্যান্স বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. শোয়েব জানান, এক্সিলারেট টার্মিনাল পুনরায় কার্যক্রম শুরু করেছে এবং গ্যাস সরবরাহ চালু হয়েছে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়ানো হবে।সংশ্লিষ্টরা জানান, এলএনজি সরবরাহকারী জাহাজ নির্ধারিত সময়ের এক দিন আগে টার্মিনালে পৌঁছায়। ফলে শনিবার থেকেই পুনরায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।এর আগে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় গত ১৯ আগস্ট থেকে এই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে দেশের বিদ্যমান গ্যাস সংকট আরও তীব্র হয়ে ওঠে।উল্লেখ্য, গত ২১ জুলাই মহেশখালীতে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় টার্মিনালটি দীর্ঘ সময় ক্ষতিগ্রস্ত ছিল। ওই ঘটনার পর জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে যায়।
পরবর্তীতে প্রয়োজনীয় যন্ত্রাংশ এনে মেরামতের পর টার্মিনালটি আংশিকভাবে চালু করা হয়েছিল। তবে এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় আবারও সাময়িকভাবে সরবরাহ বন্ধ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত