প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ মৃত্যু, নিহত ৪০ শিশু
চেকপোস্ট নিউজ, ||
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৪০ জনই শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও স্থানীয় সরকারের গোরাউ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এখনও উদ্ধার অভিযান চলছে।জাতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাদির ইউসুফ জানান, এখন পর্যন্ত নদী থেকে প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোকোতো রাজ্য বিধানসভার প্রতিনিধি নাসিরু আদামু বলেন, নৌকাটিতে থাকা অধিকাংশ যাত্রীর বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।প্রত্যক্ষদর্শী শারহাবিলু কিলিয়া জানান, এ পর্যন্ত অন্তত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি কমিউনিটি মসজিদের সামনে উদ্ধার হওয়া মরদেহগুলো দাফনের প্রস্তুতি চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার নৌকাটিতে মূলত ধানের জমিতে কাজ করতে যাওয়া কৃষক ও কৃষি শ্রমিকরা ছিলেন। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় নৌকাটিতে প্রায় ৫৭ থেকে ৭০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করতে রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
নাইজেরিয়ায় নৌযান নিরাপত্তার দুর্বলতা, অতিরিক্ত যাত্রী বহন এবং রক্ষণাবেক্ষণের অভাবে বর্ষা মৌসুমে প্রায়ই ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি ফুটো নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত