প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
দুর্গাপূজার আগে কুমোরটুলিতে ব্যস্ত শিল্পীরা, বেড়েছে প্রতিমার খরচ
চেকপোস্ট নিউজ:: ||
দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। উৎসবকে ঘিরে চারদিকে প্রস্তুতি শুরু হলেও কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলিতে প্রতিমা তৈরির ব্যস্ততার পাশাপাশি দেখা দিয়েছে উদ্বেগ। দিন-রাত এক করে দেবী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।কয়েক দিন আগের তীব্র বর্ষণ এবং মৌসুমের শুরুতেই মাটির সংকট তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন প্রতিমাশিল্পীরা। মাটি পাওয়া গেলেও তা কিনতে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ দামে।শুধু মাটিই নয়, বাঁশ, কাঠ, দড়ি, রং ও প্রতিমার সাজসজ্জার উপকরণের দামও গত এক বছরে বেড়েছে। নিম্নচাপের কারণে কাঁচা মাটি শুকাতে গ্যাসের ব্যবহার বাড়ায় উৎপাদন খরচ আরও বেড়েছে। তবে শিল্পীদের অভিযোগ, বাড়তি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার বাজেট বাড়াননি পূজা উদ্যোক্তারা।কুমোরটুলির ছোট-বড় প্রায় ৪৫০টি কর্মশালায় প্রতিবছর গড়ে চার থেকে সাড়ে চার হাজার দুর্গা প্রতিমা তৈরি হয়। এসব প্রতিমা কলকাতার বিভিন্ন পূজামণ্ডপের পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্য ও বিদেশেও পাঠানো হয়।এ ছাড়া সারা বছর বিভিন্ন দেব-দেবীর প্রায় লক্ষাধিক প্রতিমা তৈরি হয় কুমোরটুলিতে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ হাজার মানুষের জীবিকা জড়িত বলে সংশ্লিষ্টরা জানান।কুমোরটুলির শিল্পী তাপস পাল ও কৃষ্ণ গোপাল পাল বলেন, প্রতিমা তৈরির প্রতিটি ধাপে পরিশ্রম ও খরচ বাড়লেও ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো সুবিধা পাওয়া যায়নি। বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি।শারদীয় উৎসবের আনন্দে যখন গোটা বাংলা মেতে উঠবে, তখন সেই আনন্দের অন্যতম কারিগর কুমোরটুলির শিল্পীদের সংকট ও সমস্যার দিকে রাজ্য সরকারের নজর পড়বে কি না-এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত