প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
প্রবাসীদের জন্য বুখারেস্ট দূতাবাসের সতর্কবার্তা
চেকপোস্ট নিউজ, ||
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়। বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস রোমানিয়ার পাশাপাশি বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও মত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অনলাইনে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি জটিলতার কারণ হতে পারে।দূতাবাস বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, এমন কোনো কনটেন্ট প্রকাশ করা উচিত নয় যা সংশ্লিষ্ট দেশের আইনবিরোধী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে।এ ছাড়া এমন কোনো কনটেন্ট থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যা সহিংসতা, উগ্রবাদ বা বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন করছে বলে মনে হতে পারে।দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার প্রবাসীদের সম্ভাব্য আইনি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সুরক্ষা দিতে পারে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ধরে রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে সচেতন, তথ্যভিত্তিক ও দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে বুখারেস্ট দূতাবাস।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত