প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, উদ্বেগে আঁচল ফাউন্ডেশন
চেকপোস্ট নিউজ, ||
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে ১০ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’।রোববার (১৬ আগস্ট) সংগঠনটির সাধারণ সম্পাদক শারমিন আক্তার মীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট ফল প্রকাশের পর রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, শেরপুর, গোপালগঞ্জ, মেহেরপুর, কুমিল্লা ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে অন্তত ১০ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন ছাত্রী ও ৩ জন ছাত্র।সংগঠনটির দাবি, পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী তীব্র মানসিক চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। এর আগে পরীক্ষার ফল নিয়ে হতাশ হয়ে মে মাসে ভোলার এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও উল্লেখ করা হয়েছে।আঁচল ফাউন্ডেশন জানায়, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা গত কয়েক বছর ধরেই উদ্বেগজনক। পড়াশোনার চাপ, পরীক্ষার ফলাফল ও পারিবারিক প্রত্যাশার চাপ অনেক ক্ষেত্রে বড় কারণ হিসেবে কাজ করছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।সংগঠনটির মতে, বর্তমান ফলাফলনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে আঁচল ফাউন্ডেশন ফল প্রকাশের পর পরিবারকে বিশেষ নজরদারি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত কাউন্সেলর নিয়োগ, মানসিক সহায়তা হটলাইন চালু, শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং তুলনামূলক মানসিক চাপ সৃষ্টি না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত