প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
গোমস্তাপুরে যৌথ অভিযানে পিস্তলের ম্যাগাজিন-গুলি ও বুপ্রেনরফিন জব্দ
মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযান চালিয়ে পিস্তলের ম্যাগাজিন, গুলি ও অবৈধ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার ও জব্দ করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার ওসির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গোমস্তাপুর থানার এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে থানা পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে অভিযান চালায়।অভিযানে মো. মোসাহাক আলীর (২৪) বসতবাড়ির দ্বিতীয় তলার একটি শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং আটটি বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে মোসাহাক আলী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত