প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
প্রাথমিকে প্যারেন্ট সার্কেল, বন্ধু রেজিস্ট্রার চালু
চেকপোস্ট নিউজ:: ||
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্ট্রার’ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।প্রতিমন্ত্রী বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি শক্ত করতে শুধু বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যেই অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ দিতে প্যারেন্ট সার্কেল কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশ নিয়ে অভিভাবকরা বিদ্যালয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবেন।অন্যদিকে, বিদ্যালয়ের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে ‘বন্ধু রেজিস্ট্রার’ কার্যক্রম চালুর কথা জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতায় আগ্রহী স্থানীয় ব্যক্তিদের একটি সংগঠিত প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করা হবে।ববি হাজ্জাজ বলেন, একটি শিশুর ভালো শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন সহযোগিতাপূর্ণ পরিবার, সচেতন কমিউনিটি ও দায়িত্বশীল বিদ্যালয় ব্যবস্থাপনা। এই তিনটি স্তরের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের স্থান হিসেবে নয়, বরং শিশু, অভিভাবক ও কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণের একটি প্রাণবন্ত শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কমিউনিটি সম্পৃক্ততা, অভিভাবকদের অংশগ্রহণ, বিদ্যালয়ভিত্তিক সামাজিক সহযোগিতা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক উঠে আসে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত