প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন
হারুন শেখ,, বাগেরহাট প্রতিনিধি:: ||
বাগেরহাটের রামপালে সরকারি রেকর্ডভুক্ত সকল খাল অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুবদলসহ উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রামপাল উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক।লিখিত বক্তব্যে তিনি বলেন, নদী-খাল ও জলাশয় দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকারি নির্দেশনা থাকলেও রামপাল উপজেলার বিভিন্ন সরকারি রেকর্ডভুক্ত খাল দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে বারবার লিখিত ও মৌখিকভাবে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছেন।তিনি আরও বলেন, খাল দখলের কারণে সামান্য বৃষ্টিতেই উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। তাই সরকারি সম্পত্তি রক্ষা ও খাল উদ্ধারে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সব সরকারি রেকর্ডভুক্ত খাল দ্রুত চিহ্নিত করা, সঠিক সীমানা নির্ধারণ করে সরকারি খুঁটি স্থাপন, অবৈধ দখলদার উচ্ছেদ, খালের নাব্যতা ফিরিয়ে আনতে খনন ও সংস্কার এবং ভবিষ্যতে দখল রোধে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম মুন্সী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. জয়নব বেগম, বিএনপি নেতা মো. ওবায়েদুল্লাহ শিকদার, মো. জাকির হোসেন, যুবদল নেতা মো. ইমরান হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জনস্বার্থে সরকারি খাল দ্রুত উদ্ধার ও সংরক্ষণে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত