প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ২০ আগস্ট, সময় দুপুর ২টা-৫টা
চেকপোস্ট নিউজ, ||
রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ কক্ষে ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এ তথ্য জানানো হয়। এর আগে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।সভায় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে পরিবর্তন ও সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত