প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
কমলনগরে মাদক-জুয়ার বিরুদ্ধে মানববন্ধন, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি
বাবুল হুসাইন,, লক্ষ্মীপুর প্রতিনিধি:: ||
মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গ্রীন বয়েজ স্পোর্টিং ক্লাব অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর বসু পোল সংলগ্ন আছিয়া বাপের সমাজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে স্থানীয় যুবসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণদের একটি অংশ এতে জড়িয়ে পড়ায় সামাজিক ও পারিবারিক নানা সমস্যা তৈরি হচ্ছে।বক্তারা অবিলম্বে চর কাদিরা ইউনিয়নসহ কমলনগর উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর কাদিরা আলোর কাফেলার সভাপতি মো. রেদোয়ান হোসেন, চর কাদিরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আকবার হোসেন আরজু হাওলাদার, মাওলানা মোহাম্মদ মোহন এবং চর ঠিকা মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষক ও ইমাম মুফতি মুজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা হারুন আর রশিদ। কর্মসূচির শেষে এলাকার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী আনোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত