প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
লংগদুতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৭০০ জন
মো নাজিম আলী,, রাঙ্গামাটি প্রতিনিধি:: ||
রাঙামাটির লংগদুতে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। দিনব্যাপী এ ক্যাম্পে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধসহ বিভিন্ন সেবা পেয়েছেন ৭০০ জন।শনিবার (৮ আগস্ট) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেন। পাশাপাশি ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়।চিকিৎসকদের পরীক্ষায় ছানিপড়াসহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত ১৭৫ জন রোগীকে শনাক্ত করা হয়। উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য তাদের চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফার করা রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারসংক্রান্ত প্রয়োজনীয় খরচ লংগদু জোন বহন করবে বলে আয়োজকেরা জানিয়েছেন।চিকিৎসা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ সাউথ।আয়োজকেরা জানান, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত