প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ
শাহাবুদ্দিন শিহাব,, কুবি প্রতিনিধি:: ||
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে অনুষ্ঠিত এ আয়োজনে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন হলের শিক্ষার্থীরাও অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্য সচিব আবুল বাশার। এছাড়াও আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য এবং শাখা ছাত্রদলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, "তরুণ সমাজের মধ্যে দেশীয় সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সম্প্রতি সারাদেশে যে অপসংস্কৃতি ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, তার বিরুদ্ধে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রতিবাদ।"তিনি আরো বলেন, "আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্ত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাতে পারে। ধর্মের দোহাই দিয়ে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় যে বাধা সৃষ্টি করা হয়, তার বিপক্ষে আমাদের অবস্থান।"শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "শিক্ষার্থীদের দাবি ও অনুরোধেই আজকের এ আয়োজন। প্রশাসন এমন একটি বিশেষ দিনে নিজ উদ্যোগে কোনো কর্মসূচি গ্রহণ না করায় শিক্ষার্থীদের দাবির মুখেই আমরা এগিয়ে এসেছি। নৈশভোজের মূল আয়োজন বিজয়-২৪ হলে হলেও নজরুল ইসলাম হল ও শহীদ নীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।"সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, "আজ স্বৈরাচারমুক্ত দিবস। ২০২৪ সালের এই দিনেই আমরা স্বৈরাচারমুক্ত হয়েছিলাম। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসে সমকামিতাসহ যে সাংস্কৃতিক অবক্ষয়ের কথা বলা হচ্ছে, তার বিপরীতে শিক্ষার্থীরা যেন সুস্থ সাংস্কৃতিক চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশে নিজেদের মতপ্রকাশের সুযোগ পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে আমরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে যাব।"উল্লেখ্য, আয়োজনটি বিজয়-২৪ হলে অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত