প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
আটোয়ারীতে ৩ কিমি কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
মো মানিক হোসেন নিরব,, আটোয়ারী প্রতিনিধি:: ||
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের সাতপাখি, দুর্গাপুর ও মালিগাঁও এলাকার প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে বড় বড় গর্তে ভরে যায়। এতে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হাঁটাচলাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কারকাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে গভীর খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটানা বৃষ্টি হলে পুরো রাস্তা কাদাপানিতে ডুবে কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন গর্ভবতী নারী, বয়োবৃদ্ধ ও জরুরি চিকিৎসাপ্রার্থী রোগীরা। সড়কের বেহাল অবস্থার কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন গ্রামে প্রবেশ করতে চায় না।এ ছাড়া স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল হাটে নিতে অতিরিক্ত সময় ও পরিবহন ব্যয় গুনতে হচ্ছে। এতে তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষিপণ্য বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না।ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি টেকসইভাবে সংস্কার ও পাকাকরণের মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত