প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
রাঙ্গামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
মো নাজিম আলী,, রাঙ্গামাটি প্রতিনিধি:: ||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণরায়ের প্রতিফলন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের উদ্যোগে বনরূপা এলাকা থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি কাঠালতলীসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা সিএনজি স্টেশন এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।পৌরসভা জামায়াতের সেক্রেটারি আবুল বাশার-এর সঞ্চালনায় এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল আলীম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন চৌধুরী এবং লংগদু উপজেলা সভাপতি মো. রকিব হোসেন। এ সময় জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক আব্দুল আলীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি গণরায়ের যথাযথ প্রতিফলন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে।সমাবেশে বক্তাদের বক্তব্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত