প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জে জুলাই শহীদদের শ্রদ্ধা, মাঠে ৫ প্লাটুন বিজিবি
ছাইম খান,, গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন, র্যালি এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে আগামী ১৫ আগস্ট পর্যন্ত পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদন শেষে ডা. কে এম বাবর বলেন, জুলাই শহীদ গণহত্যা দিবস জাতির জন্য আত্মসমালোচনা ও শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি বলেন, অতীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নাগরিক অধিকার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি আরও বলেন, মানবিক, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার আরও সুসংহত করার আহ্বান জানান তিনি।দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।এদিকে দিবসকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মোতায়েন অব্যাহত থাকবে।জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বলেন, জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত