প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
গ্যাসের দাম না কমালে পেট্রোবাংলা ঘেরাও: সেলিম উদ্দিন
চেকপোস্ট নিউজ, ||
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। গ্যাস সংকট নিরসন, গ্যাস-বিদ্যুতের মূল্য কমানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং বিদ্যুৎ বিলে যুক্ত অতিরিক্ত ‘হিডেন চার্জ’ প্রত্যাহার করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে জামায়াত।তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল বলেও দাবি করেন তিনি।সাবেক সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপর সহিংসতার নিন্দা জানান তিনি।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদকে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।বক্তব্যের একপর্যায়ে আগামী ৫ আগস্ট পল্টনে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরে উত্তরা রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জসীমউদ্দীন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত