প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কঠোর সতর্কতা সরকারের
চেকপোস্ট নিউজ, ||
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণ ছাড়া ‘মিথ্যা তথ্য’ বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। তবে গ্রাহকদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যায়। অনেক গ্রাহকের অভিযোগ, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিদ্যুৎ ব্যবহারের ইউনিট অস্বাভাবিকভাবে বেড়েছে। কেউ কেউ মিটার রিডিংয়ের পরিবর্তে অনুমানভিত্তিক বিল তৈরির অভিযোগও করেন।এ বিষয়ে গত ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, অতিরিক্ত বিল নিয়ে কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। সংশ্লিষ্ট বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিগুলোকে নিজ নিজ এলাকার অভিযোগ যাচাই করতে বলা হয়েছে।
তিনি দাবি করেন, অধিকাংশ অভিযোগ তদন্ত করে অতিরিক্ত বিলের অভিযোগের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত