প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
ডিএমপির আদালতে এক মাসে ৯৩০৭ মামলা নিষ্পত্তি
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।ডিএমপি জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে এসব আদালতে মোট ৯ হাজার ৩০৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা রয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতাধীন আদালতগুলোতে এসব বিচার কার্যক্রম পরিচালিত হয়।ফৌজদারি মামলায় মোট ১০ হাজার ৪৩৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব মামলায় আদালত ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা অর্থদণ্ড এবং নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে আরও ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দের আদেশ দেন।ডিএমপি জানায়, মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণে জুলাই মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম নেওয়া হয়।এদিকে ট্রাফিক আইন বাস্তবায়নে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জুলাই মাসে ট্রাফিক লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৩৪০টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করে আদালত ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন।ডিএমপির দাবি, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার ফলে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি তৈরি হচ্ছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত