প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারিদের বৈঠক, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
মো: গোলাম কিবরিয়া, , রাজশাহী প্রতিনিধি:: ||
রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে মাদক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের প্রকাশ্যে চলাফেরা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে নগরীর অলকার মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টে গোদাগাড়ী উপজেলার বাসিন্দা ও একাধিক মাদক মামলার আসামি আব্দুর রহিম টিপু, জসিম এবং ব্যবসায়ী মোশারফ হোসেনকে একসঙ্গে দেখা যায়। এ সময়ের একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে টিপু ও জসিমকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, মোশারফ হোসেন টিপুর ব্যবসায়িক সহযোগী এবং হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তবে ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, কারা উপস্থিত ছিলেন বা বৈঠকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল—তা নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আব্দুর রহিম টিপুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রাজশাহীর শীর্ষ মাদক কারবারিদের তালিকায়ও তার নাম ছিল বলে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ৪ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারের একটি মামলাতেও তাকে আসামি করা হয়েছে।এছাড়া তার দুই ভাই মেহেদী হাসান ও সোহেল রানার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে ওই পরিবারের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের অভিযোগ, রাজশাহী শহর ও গোদাগাড়ী এলাকায় বাড়ি, মার্কেট, দোকান, খামার, কৃষিজমি ও বিভিন্ন সম্পদের মালিকানা রয়েছে তাদের।এলাকাবাসীর প্রশ্ন, একাধিক মামলার আসামি ও পলাতক ব্যক্তিরা কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং তাদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে কেন।তারা ভাইরাল ভিডিওটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “টিপু ও জসিমের নামে একাধিক মামলা রয়েছে। শুধু তাদের নয়, তালিকাভুক্ত সব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবস্থান শনাক্ত করা গেলে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তবে ভাইরাল ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত