প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ইরানে ‘কঠিন আঘাত’ চলবে: ট্রাম্পের হুঁশিয়ারি, বাড়ছে যুদ্ধের শঙ্কা
চেকপোস্ট নিউজ, ||
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শিগগিরই বন্ধ হচ্ছে না—এমনই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান নতুন করে আলোচনার টেবিলে না আসা পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখার বার্তা দিয়েছেন তিনি।শুক্রবার (৩১ জুলাই) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর সর্বোচ্চ মাত্রার কঠিন আঘাত চালিয়ে যাব। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে বলবে—আমরা আর এই চাপ সহ্য করতে পারছি না।”সংঘাত শুরুর প্রায় পাঁচ মাস পর এবং গত জুনে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি কার্যত ভেস্তে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।সাম্প্রতিক সময়ে ইরানের ওপর হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। বিদ্যুৎকেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর মতো কৌশলগত স্থাপনায় হামলার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন। তবে এখন পর্যন্ত এসব লক্ষ্যবস্তুতে বড় ধরনের অভিযান চালানো হয়নি।এদিকে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘ব্যাপক ও সমন্বিত বিমান হামলা’ চালিয়েছে মার্কিন বাহিনী। তবে শুক্রবার পর্যন্ত নতুন কোনো বড় আকাশ হামলার খবর পাওয়া যায়নি।অন্যদিকে, যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও চাপ বাড়ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, ইরান সংঘাত মোকাবিলায় ট্রাম্পের কঠোর নীতির প্রতি জনসমর্থন সীমিত রয়েছে।যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত