প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পই ‘চাবিকাঠি’: ন্যাটো প্রধান
চেকপোস্ট নিউজ, ||
ইউক্রেন যুদ্ধের দীর্ঘ অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, যুদ্ধ বন্ধে কার্যকর সমাধানের ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।ন্যাটো প্রধান জানান, বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনা এবং যুদ্ধ বন্ধে কীভাবে আরও সম্মিলিত চাপ তৈরি করা যায়, সে বিষয়গুলো গুরুত্ব পাবে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে পড়লেও এখনো এর স্থায়ী সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও চালাচ্ছে রুশ বাহিনী।অন্যদিকে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতে দেশটির জ্বালানি অবকাঠামো ও তেল পরিবহন ব্যবস্থায় হামলা বাড়িয়েছে ইউক্রেন। কৃষ্ণসাগর ও আজভ সাগরে রুশ জাহাজ লক্ষ্য করেও অভিযান চালানো হচ্ছে।যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। আগামী দিনে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে আরও বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
তবে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন সংকট সমাধানে নতুন কোনো শান্তি প্রস্তাবের বিষয়ে এখনো তাদের কাছে নির্দিষ্ট তথ্য পৌঁছায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত