প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থানের ভিত্তি বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যানি
চেকপোস্ট নিউজ, ||
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনের পেছনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ভিত্তি রয়েছে। সেই ভিত্তি বিএনপির ১৭ বছরের আন্দোলন বলে দাবি করেছেন তিনি।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামের একটি সংগঠন।এ্যানি বলেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল—এ প্রশ্নের জবাব প্রয়োজন। বিএনপি দীর্ঘদিন ধরে জোট ও যুগপৎ আন্দোলনের মাধ্যমে রাজপথে ছিল। একটি অভ্যুত্থানের জন্য যে ভিত্তি প্রয়োজন, তা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, সব আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে চলে যায়নি এবং সবার বিরুদ্ধে মামলা এক ধরনের নয়। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে দেশের স্বার্থে ঐক্যের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।বিরোধী দলের সমালোচনা করে এ্যানি বলেন, অতীতের বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারা ভূমিকা রেখেছে, তা জনগণ জানে। নির্বাচনের বিভিন্ন বিষয় উল্লেখ করে তিনি বলেন, কিছু আসনে বিএনপির অভ্যন্তরীণ সমস্যা ও প্রবাসী ভোটের বিষয়ে দুর্বলতার কারণে ফলাফলে প্রভাব পড়েছে।পানিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। মানুষের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। বর্তমান সরকারের সময়কাল খুব বেশি না হলেও জনগণের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, বিগত সময়ে চুরি ও লুটপাটের কারণে দেশকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।আলোচনা সভায় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগও তুলে ধরেন।
‘আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত