প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
ডবলমুরিংয়ে লুণ্ঠিত ২টি বিদেশি পিস্তল ও ২০০০ ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
মোহাম্মদ হায়দার আলী এম.এ, , ভ্রাম্যমান প্রতিনিধি:: ||
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত দুটি বিদেশি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আলমগীর (৩০) নামে এক সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারের নির্দেশনায় গত ২৫ জুলাই ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার আলমগীরের কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি ৯ এমএম টরাস (TAURUS) পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং মডেল থানা ভাঙচুরের সময় লুণ্ঠিত হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি পিস্তলের স্লাইডে ‘TI-069096, MADE IN BRAZIL’ এবং অপরটির স্লাইডে ‘TI-073329, MADE IN BRAZIL’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে আলমগীরের অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ শর্টগানের ২৭ রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করে।হামলায় ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এসআই মোবিনুল ইসলামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। এছাড়া খুলশী থানাতেও একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মো. আলমগীরের বিরুদ্ধে ১২টি মাদক মামলা, ৩টি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং অন্যান্য আরও ৯টিসহ মোট ২৪টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত