প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
এলপিএলে বাংলাদেশের ঝড়, সাকিব-হৃদয়ের পর সোহানের ব্যাটিং তাণ্ডব
চেকপোস্ট নিউজ, ||
শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রোববার বাংলাদেশের ক্রিকেটারদের দাপট দেখা গেছে। একই দিনে ব্যাট হাতে তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান এবং বল হাতে সাকিব আল হাসান নিজেদের পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন।দিনের প্রথম ম্যাচে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে বড় জয় পেয়েছে জাফনা কিংস। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে দলটি। দুই ওপেনার কামিল মিশারা ও অভিষকা ফার্নান্দো শক্ত ভিত গড়ে দেন।শেষ দিকে ব্যাট হাতে ঝলক দেখান বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। চাপের মুহূর্তে ২১ বলে অপরাজিত ৩৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। হৃদয়ের কার্যকর ব্যাটিংয়ে জাফনা বড় সংগ্রহ পায়।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্যান্ডি রয়্যালস। বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। তিন ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ১০৬ রানেই অলআউট হয় ক্যান্ডি, ৯৩ রানের বড় জয় পায় জাফনা।দিনের দ্বিতীয় ম্যাচে গল গ্যালান্টসের হয়ে ওপেনিংয়ে নেমেই ঝড় তোলেন নুরুল হাসান সোহান। মাত্র ১৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৩.০৮।সোহানের আক্রমণাত্মক শুরুতে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে গল। পরে চারিথ আসালাঙ্কা ও চামিকা করুণারত্নের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে গল গ্যালান্টস।
একই দিনে এলপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের এমন পারফরম্যান্স ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। ব্যাট ও বল দুই বিভাগেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত