প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
দিনাজপুরে আইনজীবী তুষার কান্তি রায়ের স্মরণে শোকসভা
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও বিশিষ্ট আইনজীবী প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে সমিতি কর্তৃপক্ষ।অনুষ্ঠানে সহকর্মী আইনজীবীরা তাঁর দীর্ঘ কর্মজীবন, সততা, পেশাগত নিষ্ঠা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।জানা যায়, অ্যাডভোকেট তুষার কান্তি রায় ২০২৬ সালের ২৬ জুলাই সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে দিনাজপুরের আইনাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।প্রয়াত এই আইনজীবী ১৯৭০ সালে এসএসসি, ১৯৭২ সালে এইচএসসি, ১৯৭৫ সালে বিএ এবং ১৯৭৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৮২ সালের ৩০ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় যুক্ত হন।দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশা পরিচালনা করেন। পেশাগত দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি সহকর্মী এবং বিচারপ্রার্থীদের আস্থা অর্জন করেছিলেন।স্মরণসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমাম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আলা মো. মাহাবুবুর রহমান ভুট্টো।এ সময় বক্তব্য দেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট আবু তালেব, অ্যাডভোকেট নুরুজ্জামান, অ্যাডভোকেট নিখিল বাবু, অ্যাডভোকেট রথীন্দ্রনাথ, অ্যাডভোকেট রফিকুল আমিন, অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, অ্যাডভোকেট শ্রী তুলসী চন্দ্র রায়, শ্রী সরোজ গোপাল রায় এবং অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-২।বক্তারা বলেন, অ্যাডভোকেট তুষার কান্তি রায় ছিলেন একজন সৎ, ন্যায়নিষ্ঠ, বিনয়ী ও আদর্শবান আইনজীবী। তাঁর পেশাগত দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং বিচারপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ তাঁকে আইনজীবী সমাজে বিশেষ মর্যাদা এনে দিয়েছিল।তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি একজন অভিজ্ঞ ও সম্মানিত সদস্যকে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।অনুষ্ঠানের শেষ পর্বে প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
স্মরণসভা ও প্রার্থনা অনুষ্ঠানে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত