প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, নিহত ২
রিদয় চৌধুরী, , মানিকগঞ্জ প্রতিনিধি:: ||
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ছিলেন।আবাস সাহা মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। আর সুজয় সাহা চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ওই বাস দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে। পরে পেছনের একটি কাভার্ডভ্যানও গতি কমিয়ে থেমে যায়।এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলের ওপর দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।ধামরাই থানার এসআই তারেক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে বিকল বাসকে কেন্দ্র করে একাধিক যানবাহনের ধারাবাহিক ব্রেকের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত