প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ইংলিশ ফুটবল কিংবদন্তি কেভিন কিগান আর নেই
চেকপোস্ট নিউজ:: ||
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। দুইবারের ব্যালন ডি’অরজয়ী সাবেক এই ফুটবলার ও কোচ ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।সোমবার (২০ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী ও দুই মেয়ে।চলতি বছরের শুরুতে কিগানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে তিনি নিজেই জানান, তার শরীরে চতুর্থ ধাপের ক্যানসার ধরা পড়েছে এবং চিকিৎসা চলছিল।১৯৫১ সালের ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের ডনকাস্টারে জন্ম নেওয়া কিগান স্কানথর্প ইউনাইটেডের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ১৯৭১ সালে লিভারপুলে যোগ দিয়ে অ্যানফিল্ডে ছয় বছরে ৩২৩ ম্যাচে ১০০ গোল করেন।লিভারপুলের হয়ে তিনি তিনটি ইংলিশ লিগ, একটি এফএ কাপ, দুটি উয়েফা কাপ এবং ১৯৭৭ সালে ইউরোপিয়ান কাপ জেতেন। সেটিই ছিল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের পূর্বসূরি প্রতিযোগিতায় লিভারপুলের প্রথম শিরোপা।১৯৭৭ সালে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার ব্যালন ডি’অর জেতেন কিগান। ১৯৭৯ সালে হামবুর্গকে বুন্দেসলিগা শিরোপা জেতানোর পাশাপাশি পরের বছর ইউরোপিয়ান কাপের ফাইনালেও তুলেছিলেন দলকে।ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচে ২১ গোল করেন কিগান। অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি এবং ১৯৮২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। খেলোয়াড়ি জীবনের শেষ দিকে সাউদাম্পটন ও নিউক্যাসলের হয়ে খেলে ১৯৮৪ সালে অবসর নেন।অবসরের পর কোচ হিসেবেও সাফল্যের ছাপ রাখেন কিগান। তার অধীনেই নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৫-৯৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার খুব কাছে পৌঁছেছিল। এছাড়া দুই দফায় নিউক্যাসলের পাশাপাশি ফুলহাম, ম্যানচেস্টার সিটি এবং ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি।কেভিন কিগানের মৃত্যুতে শোক জানিয়েছে লিভারপুল, নিউক্যাসল ইউনাইটেড, হামবুর্গ, উয়েফাসহ বিশ্ব ফুটবলের অসংখ্য ক্লাব ও সংগঠন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত