প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
দিল্লিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ১৮০
চেকপোস্ট নিউজ:: ||
ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুব ও শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।মঙ্গলবার (২১ জুলাই) ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও মধ্য দিল্লির জন্তর মন্তরে ১৫০ থেকে ২০০ জন আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। এর আগের দিন সংসদ ভবন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।দিল্লি পুলিশ জানায়, আহতদের মধ্যে ১১৮ জনের বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী রয়েছেন। এ ঘটনায় ৭০ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় আধা-সামরিক বাহিনীর টহল বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে আন্দোলন চলবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, দিল্লি পুলিশের কঠোর আচরণ থেকে সবাইকে রক্ষা করতে না পারায় তিনি দুঃখিত। বিশেষ করে নারী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।আন্দোলনের সূত্রপাত হয় মে মাসে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে। ওই ঘটনায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থার দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।সোমবার সিজেপির ডাকে দিল্লি ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ আন্দোলনে যোগ দেন। শুরুতে অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হলেও আন্দোলনটি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অধিকারকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি এবং প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের মধ্যে প্রশ্নফাঁস, বেকারত্ব ও শিক্ষাব্যবস্থার প্রতি আস্থাহীনতা থেকে তৈরি হওয়া ক্ষোভ ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত