প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ধস, চলছে উদ্ধার অভিযান
চেকপোস্ট নিউজ:: ||
ভারতের সিকিম রাজ্যের নামচি জেলায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন একটি টানেলে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ১৮ জন এখনও টানেলের ভেতরে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।সোমবার (২০ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে নামচি জেলার ঝোলুঙ্গের সামারডুং এলাকায় নির্মাণাধীন এডিট-৩ টানেলের প্রবেশমুখে হঠাৎ বড় ধরনের পাহাড়ধস নামে। এতে টানেলের প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সময়ে ভূগর্ভস্থ পাথরের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ায় টানেলের ভেতরে বিষাক্ত মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।সিকিম প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় টানেলের ভেতরে ২৭ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১৯ জন শ্রমিক, ২ জন প্রকৌশলী এবং এনএইচপিসির ৬ জন কর্মকর্তা ছিলেন। নামচির জেলা প্রশাসক আনুফা তামলিং জানান, আটকে পড়াদের মধ্যে ২১ জন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্যাটেল ইঞ্জিনিয়ারিং’-এর কর্মী এবং ৬ জন এনএইচপিসির কর্মকর্তা। তবে কয়েকটি বেসরকারি সূত্র দাবি করেছে, দুর্ঘটনার সময় টানেলের ভেতরে মোট ৩৮ জন ছিলেন।ঘটনার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সিকিম ও পশ্চিমবঙ্গের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা পুলিশ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ১২ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রশাসন জানিয়েছে, টানেলের ভেতরে আটকে থাকা বাকিদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে প্রবল বৃষ্টি, টানেলের ঘন অন্ধকার এবং বিষাক্ত মিথেন গ্যাসের কারণে উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে।উদ্ধারকারীরা বিশেষ সুরক্ষামূলক গ্যাস মাস্ক পরে কাজ চালিয়ে গেলেও বিষাক্ত গ্যাসের প্রভাবে কয়েকজন উদ্ধারকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। অক্সিজেনের ঘাটতি ও গ্যাসের কারণে অনেকে মাথা ঘুরে পড়ে যান এবং কিছু উদ্ধারকর্মী সাময়িকভাবে সংজ্ঞা হারান।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানেলের ভেতরে একজন মানুষও আটকে থাকলে উদ্ধার অভিযান বন্ধ করা হবে না। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত