প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
স্টেট ইউনিভার্সিটি ও ডাব্লিউবিবি ট্রাস্টের এমওইউ, জনস্বাস্থ্য উন্নয়নে যৌথ উদ্যোগ
মোঃ হুমায়ুন কবির, , বিশেষ প্রতিনিধি:: ||
জনস্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা এবং হেলথ প্রমোশন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগসহ বিভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি হেলথ প্রমোশনভিত্তিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সমন্বিত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বক্তারা আরও বলেন, স্বাস্থ্য উন্নয়ন একটি ধারাবাহিক ও সমন্বিত প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সামাজিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, গবেষণা ও কমিউনিটিভিত্তিক কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে একটি স্বাস্থ্যবান, নিরাপদ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডা. মো. আক্তার হোসেন খান, রেজিস্ট্রার ডা. আহমেদ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন এবং পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন।ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক গাউস পিয়ারী, প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার, কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার এবং মো. শাওন মিয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে হেলথ প্রমোশন, জনস্বাস্থ্য গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, নীতিগত সংলাপ এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এসইউবি ও ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে কাজ করবে।বক্তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব তৈরি এবং বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত