প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
মহানন্দা নদীতে কুমিরের খবর গুজব, আতঙ্কিত না হওয়ার আহ্বান
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে কুমির দেখা যাওয়ার খবরটি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ও পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও এর সত্যতা পাওয়া যায়নি।শনিবার সকাল থেকে ফেসবুকে নয়াগোলা ঘাট এলাকায় বিশাল আকৃতির কুমির দেখা গেছে—এমন দাবি করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে নদীতে কুমিরের উপস্থিতির কোনো বাস্তব প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।স্থানীয় সূত্র ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কুমিরের ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ছবি।অভিযোগ রয়েছে, কিছু ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি বেশি ভিউ, লাইক ও প্রচারের উদ্দেশ্যে যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দা, জেলে এবং ঘাট ব্যবহারকারী মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হয়েছে।এ পরিস্থিতিতে নয়াগোলা ঘাটসহ আশপাশের এলাকার বাসিন্দাদের গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি শেয়ার কিংবা বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন অপপ্রচার প্রতিরোধে নজরদারি জোরদার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত