প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
এনসিপির সঙ্গে নর্ডিক রাষ্ট্রদূতদের বৈঠক, নির্বাচন-সংস্কার এফডিআই নিয়ে আলোচনা
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।বুধবার (৮ জুলাই) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, নরওয়ের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি হোকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নিকোলাস উইকস।এনসিপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক ইন-চার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং ইউরোপ ডেস্ক সমন্বয়কারী নাভিদ নওরোজ শাহ।বৈঠকে সম্প্রতি গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি, এর গুরুত্বপূর্ণ সংস্কার, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।রাষ্ট্রদূতরা সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন বিষয়ে এনসিপির অবস্থান ও যুক্তি জানতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা এনসিপির জুলাই সমাবেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন।এ সময় রাষ্ট্রদূতরা জাতীয় বাজেট বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। পাশাপাশি নর্ডিক দেশগুলো থেকে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি, বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ গণতান্ত্রিক সম্পৃক্ততা, অব্যাহত সংলাপ এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত