প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
শ্রীমঙ্গলে প্রথম ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠিত
মোঃ নাছির আহমেদ, , শ্রীমঙ্গল প্রতিনিধি:: ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’-এর চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটরদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশ চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ ও আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মোছাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. নাজিম আল কোরাশী রাফাত।আয়োজকরা জানান, গত ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে নিবন্ধন গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন প্রকাশ করা হয় এবং ২ মে থেকে ৬ মে পর্যন্ত অনলাইন ভোটের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পাঁচটি ক্যাটাগরিতে মোট ১১ জন বিজয়ী নির্বাচিত হন।ন্যাচারাল অ্যান্ড লাইফস্টাইল ক্যাটাগরিতে বিজয়ী হন ইউসুফ শাহরিয়ার, মো. আল আমিন ইসলাম, ফাহিম আহমেদ, রোকসানা আফরিন শিমু, তানভীর আহমেদ, শিশির ধর, রাদিয়ান হোসেন ও মো. শহিদ। এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমেডি বিভাগে বিজয়ী হন দীপ চক্রবর্তী। ফুড অ্যান্ড রেসিপি ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হন কাজী ফয়সল আহমেদ রিয়াদ এবং আদার্স বিভাগে বিজয়ী হন মো. ফারহান তানভীর ফাহিম।এছাড়া চূড়ান্তভাবে মনোনীত ও অংশগ্রহণকারী প্রায় ৭০ জন কনটেন্ট ক্রিয়েটরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে অতিথি, বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে কাঠাল, জাম, নিম ও কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানের প্রধান আয়োজক ও ‘চায়ের জনপদ’-এর সম্পাদক ও প্রকাশক মো. তোফায়েল আহমেদ (পাপ্পু) বলেন, ইতিবাচক, তথ্যভিত্তিক ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং নিয়মিতভাবে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠান শেষে অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে উল্লেখ করেন। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররাও এই সম্মাননাকে তাঁদের ভবিষ্যৎ সৃজনশীল কাজের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত