প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৬ দফা দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা
মোঃ মোশফিকুর রহমান স্বপন , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে গৃহীত ৬টি সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ৬ দফা দাবি তুলে ধরে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। বুধবার (১ জুলাই) রাত ১০টার দিকে দেওয়া এক জরুরি বিবৃতিতে এ ঘোষণা আসে।শিক্ষার্থীদের দাবি, তাদের প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। তাই এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।এর আগে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সংযুক্ত হাসপাতালের সার্বিক অবস্থা, শিক্ষক সংকট, একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা হয়। সভায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাক আহম্মদ ভূঁইয়া বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং প্রকল্প পরিচালক ডা. কামরুজ্জামান হাসপাতালের অবকাঠামোগত অগ্রগতি ও চালুর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।সভা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় ৬টি সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে রয়েছে— দ্রুত শিক্ষক পদায়নের উদ্যোগ, ১ থেকে ২ কর্মদিবসের মধ্যে হাসপাতালের পরিচালক নিয়োগ, কলেজের জন্য নতুন বাস অনুমোদনের উদ্যোগ, আগামী ৬ সপ্তাহের মধ্যে বহির্বিভাগ চালু, অক্টোবর থেকে মেডিসিন অন্তর্বিভাগ এবং ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ অন্তর্বিভাগ চালুর প্রস্তুতি, পাশাপাশি হাসপাতালের প্রয়োজনীয় জনবল নিয়োগকে অগ্রাধিকার দেওয়া।তবে এসব সিদ্ধান্তে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— দুই কর্মদিবসের মধ্যে হাসপাতালের পরিচালক নিয়োগ, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ, তিন সপ্তাহের মধ্যে আউটডোর চালু, ছয় সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু, তিন কর্মদিবসের মধ্যে সব বিভাগের শিক্ষক সংকট দূর করা এবং এসব বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে লিখিত নির্দেশনা প্রদান।শিক্ষার্থীরা আরও জানান, স্বাস্থ্য উপদেষ্টার লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৮ সালে একনেকে অনুমোদন পাওয়া সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল প্রকল্পে ইতোমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। অবকাঠামোর অধিকাংশ কাজ শেষ হলেও শিক্ষক সংকট, ক্লিনিক্যাল ক্লাসের অভাব এবং হাসপাতাল চালু না হওয়ায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত ২১ জুন থেকে তারা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত