প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
মোঃ মোশফিকুর রহমান স্বপন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান নিশ্চিতের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ে পৃথকভাবে এ স্মারকলিপি জমা দেন মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপিটি স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখনো হাসপাতাল ভবন চালু হয়নি। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না হওয়ায় নিয়মিত পাঠদান, ক্লিনিক্যাল শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।তারা জানান, গত ১৫ এপ্রিল ২০২৫ সালে হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও হাসপাতাল চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সর্বশেষ টানা ১০ দিন আন্দোলন চললেও হাসপাতাল চালুর বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা জানানো হয়নি।শিক্ষার্থীরা বলেন, মেডিকেল শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল শিক্ষা। বর্তমানে কলেজে ছয়টি ব্যাচ অধ্যয়নরত থাকলেও হাসপাতাল চালু না থাকায় রোগীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এতে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক সংকটের কারণে নিয়মিত একাডেমিক ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে।স্মারকলিপিতে আরও বলা হয়, হাসপাতাল চালু না থাকায় শুধু শিক্ষার্থীরাই নয়, সুনামগঞ্জের হাওরাঞ্চলের সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত হাসপাতাল চালু হলে একদিকে শিক্ষার্থীদের মানসম্মত ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জেলার মানুষ সহজে চিকিৎসাসেবা পাবেন।শিক্ষার্থীরা দুই দফা দাবিতে অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, সব বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রয়োজনীয় একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আগামী এক কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের ব্যবস্থা করারও অনুরোধ করেন।স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং চিকিৎসাশিক্ষার মান উন্নয়ন এবং হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে একটি যৌক্তিক উদ্যোগ। দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস ও সাইদুল ইসলাম সাকিব, চতুর্থ বর্ষের শাহপরান ভূঁইয়া, তৃতীয় বর্ষের মোহাম্মদ এহসান, দ্বিতীয় বর্ষের মোহাম্মদ নিরব ও ইমতিয়াজ আহমেদ এবং প্রথম বর্ষের ইয়াসির শাফিন ও প্রিতম রাজবংশীসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত