প্রিন্ট এর তারিখ : ২৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সেলফিতে কুমিল্লার ৬৫ শিক্ষার্থী, সংসদ সফরে স্মরণীয় মুহূর্ত
চেকপোস্ট নিউজ, ||
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।সফরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় ও সেলফি তোলা। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের জীবনের অন্যতম স্মরণীয় অর্জন হয়ে থাকবে।পরিদর্শনে অংশ নেয় মনোহরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, নীলকান্ত সরকারি কলেজ, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ এবং শাহ শরীফ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।সফরের শুরুতে তারা সংসদ ভবনের এলডি হল পরিদর্শন করেন। পরে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কান-এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের স্থাপত্য, চলমান বাজেট অধিবেশন, উত্তর ও দক্ষিণ প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন। এছাড়া সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সংসদীয় কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিং সেশনেও অংশ নেন তারা।সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া-র সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন।শিক্ষার্থীরা বলেন, এতদিন জাতীয় সংসদ ভবন সম্পর্কে তারা বই, সংবাদমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে জেনেছেন। এবার সরাসরি সংসদ ভবন ঘুরে দেখা, অধিবেশন পর্যবেক্ষণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সেলফি তোলার সুযোগ তাদের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে।এ উপলক্ষে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া। সফরের অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজেও অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত