প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
নাটকীয় প্রত্যাবর্তনে বিশ্বকাপের নকআউটে ডিআর কঙ্গো
চেকপোস্ট নিউজ:: ||
নাটকীয় প্রত্যাবর্তনে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে ডিআর কঙ্গো। গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকেও উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব তথা শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। একই সঙ্গে এটি বিশ্বকাপে ডিআর কঙ্গোর প্রথম জয়।আটলান্টায় ম্যাচের ১০ মিনিটেই এলদোর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। প্রথমার্ধে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখলেও বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডিআর কঙ্গো।দ্বিতীয়ার্ধে একবার গোল পেলেও ভিএআরে তা বাতিল হয়। এরপর ৬৮ মিনিটে ইয়োয়ান উইসা পেনাল্টি থেকে সমতা ফেরান। ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে এগিয়ে যায় কঙ্গো। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধানে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন উইসা।এই জয়ে গ্রুপ ‘কে’-তে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া এবং রানার্সআপ পর্তুগাল।নকআউট পর্বে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে আটলান্টাতেই, যেখানে ঐতিহাসিক এই জয় তুলে নিয়েছে আফ্রিকার দলটি।অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে তিন ম্যাচেই হেরে বিদায় নিয়েছে উজবেকিস্তান। কলম্বিয়া ও পর্তুগালের পর ডিআর কঙ্গোর বিপক্ষেও এগিয়ে থেকেও হার এড়াতে পারেনি ফাবিও কানাভারোর দল।১৯৭৪ সালে জাইর নামে বিশ্বকাপে অংশ নেওয়ার ৫২ বছর পর ফিরে এসে শুধু প্রথম জয়ই নয়, প্রথমবার নকআউট পর্বেও জায়গা করে নিয়ে দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় যোগ করল ডিআর কঙ্গো।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত