প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
প্রতি বছর ২ যুদ্ধজাহাজ, নৌবাহিনী শক্তিশালী করছে কিম জং উনের
চেকপোস্ট নিউজ, ||
নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে প্রতি বছর দুটি করে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী পাঁচ বছর ধরে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নামফো বন্দরে নতুন বহুমুখী ডেস্ট্রয়ার ‘চো হাইওন’-এর আনুষ্ঠানিক নৌবাহিনীতে অন্তর্ভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিম এ ঘোষণা দেন।কিম জানান, ভবিষ্যতে নির্মিত যুদ্ধজাহাজগুলো ৫ হাজার মেট্রিক টনের ‘চো হাইওন’ ডেস্ট্রয়ারের আদলে তৈরি হবে। গত ১৪ মাসে বিভিন্ন সামরিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর জাহাজটি এখন পূর্ণাঙ্গ অভিযানের জন্য প্রস্তুত।তিনি আরও জানান, খুব শিগগিরই ‘কাং কন’ নামে আরও একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার এবং ১০ হাজার টনের বৃহৎ যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য, ‘কাং কন’ ডেস্ট্রয়ারটি গত বছর পানিতে নামানোর সময় আংশিকভাবে উল্টে গেলেও পরে সেটি মেরামত করা হয়।দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে দেশটির সামরিক বাহিনীর তুলনামূলক দুর্বল অংশ হিসেবে দেখা হলেও কিম জং উনের দাবি, নতুন যুদ্ধজাহাজ যুক্ত হলে নৌবাহিনীর সক্ষমতা ‘কল্পনার বাইরে’ উন্নত হবে এবং জাতীয় নিরাপত্তায় এর ভূমিকা নতুন মাত্রা পাবে।নৌবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন নৌঘাঁটি নির্মাণেও গুরুত্ব দিচ্ছে পিয়ংইয়ং। একই সঙ্গে নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচিও এগিয়ে চলছে বলে জানিয়েছেন কিম জং উন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত