প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভাঙে দিল শ্রমিক দল নেতা
চেকপোস্ট নিউজ, ||
পাবনার বেড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্মম মারধরের অভিযোগ উঠেছে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ব্যবসায়ী মিজানুর রহমান বর্তমানে পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেড়া পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার।অভিযোগ সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণ করছেন। এ প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রিপন সরদারের নেতৃত্বে কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর পরিবারের দাবি, পরে একটি নির্জন স্থানে নিয়ে পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং হাত-পা ভেঙে যায়। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের আংটি ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।আহত ব্যবসায়ী মিজানুর রহমান জানান, তাদের যৌথ পরিবারের বিভিন্ন সদস্যের কাছেও অতীতে একাধিকবার চাঁদা দাবি করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর এমন ঘটনার বিষয়ে সেনাবাহিনীর সহায়তায় সমাধান হয়েছিল এবং অভিযুক্তরা মুচলেকাও দিয়েছিল। তবে সম্প্রতি আবার চাঁদার দাবি শুরু হলে তিনি রাজি না হওয়ায় এ হামলার শিকার হন বলে দাবি করেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিপন সরদার। তিনি বলেন, ‘তারা আগে আমাকে মারধর করেছে, তাই আমিও মারধর করেছি। আমার লোকজন দুই-একটা বাড়ি দিয়েছে। কিন্তু চাঁদা দাবি বা স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের রাজনীতি করি না।’এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত