প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
সালমান শাহর কবর খোঁড়ার আদেশ বাতিল, নতুন মোড় মামলায়
চেকপোস্ট নিউজ, ||
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা, চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। তিনি জানান, সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের নির্দেশ বাতিল করা হয়েছে। এ বিষয়ে আদালতে আপত্তি জানিয়ে আবেদন করা হয়েছিল, যা আদালত গ্রহণ করেছেন।আলমগীর কুমকুম বলেন, সালমান শাহকে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। ইতোমধ্যে তার মরদেহের দুইবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয়বার দেহাবশেষের অবস্থা ‘ডিকম্পোজড’ বলে উল্লেখ করা হয়েছিল। এছাড়া ধর্মীয় অনুভূতি, পরিবারের আপত্তি এবং ভক্তদের উদ্বেগও আদালতের বিবেচনায় এসেছে।এর আগে গত ২৪ মে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং নতুন করে ময়নাতদন্তের অনুমতি দিয়েছিলেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেছিলেন।মামলার তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালমান শাহকে মৃত ঘোষণা করেন। পরে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয় এবং তাকে সিলেটে দাফন করা হয়।দীর্ঘদিন পর গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করেন আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তবে আদালতের সর্বশেষ আদেশে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়া আপাতত বন্ধ থাকলেও হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত