প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
মেহেন্দীগঞ্জে মসজিদের ভেতরে ভাইকে কুপিয়ে হত্যা: জমি বিরোধে রক্তাক্ত ঘটনা
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
বরিশালের মেহেন্দীগঞ্জ–এ জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সেজো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।রোববার (২১ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘোলেরহাট জামে মসজিদে এই ঘটনা ঘটে।নিহত নজরুল সরদার (৪২) আন্ধারমানিক গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। পারিবারিক ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হামলা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত হিসেবে তার বড় ভাই হারুন সরদারের (৫৫) নাম উঠে এসেছে।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নজরুল সরদার জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের ফরজ নামাজের আগে তিনি সুন্নত নামাজ পড়ছিলেন। সেই সময় বড় ভাই হারুন সরদার মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। হামলায় তিনি গুরুতর জখম হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের চতুর্থ ভাই মজিবর সরদার জানান, নজরুল সরদার সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন। পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য তিনি নিজের বিদেশযাত্রাও কিছুদিন পিছিয়েছিলেন।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত হারুন সরদারকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত